নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে আহত যুবক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে আহত যুবক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে আহত যুবক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে মো. শফি আলম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে একটি কলাবাগানে কাজ করছিলেন শফি আলম। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি মাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলার উখিয়ায় অবস্থিত এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহত শফি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাসিন্দা মো. হালু মিয়ার ছেলে।

ঘটনার বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ভালুকিয়া এলাকায় বিস্ফোরণের একটি ঘটনার তথ্য পাওয়া গেছে। সীমান্তসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আহত ব্যক্তির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী কিছু এলাকায় এখনও মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়ে গেছে। ফলে কৃষিকাজ, জ্বালানি কাঠ সংগ্রহ এবং দৈনন্দিন কাজে সীমান্তসংলগ্ন এলাকায় যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকেন। তারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় অতীতেও একাধিক মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের পাশাপাশি স্থানীয় জনসাধারণের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed