পানছড়িতে সেনাবাহিনীর পৃথক দুই অভিযান, অস্ত্র-গুলিসহ দুই সশস্ত্র সন্ত্রাসীর আত্মসমর্পণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের একপর্যায়ে সশস্ত্র সংগঠনের সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে দুই সন্ত্রাসী অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে জানানো হয়, প্রথম অভিযানটি গত ২৩ জুন ২০২৬ তারিখে পানছড়ি উপজেলায় আনুমানিক দুপুর ২টার দিকে এবং দ্বিতীয় অভিযানটি আজ ২৪ জুন আনুমানিক সকাল ১০টার দিকে পরিচালিত হয়।
সেনাবাহিনী জানায়, অভিযানের সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতি ও চাপের মুখে পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুই সদস্য আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে ২টি একে-৪৭ রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর জানমাল রক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এ ধরনের অভিযানের মূল লক্ষ্য। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে নিরাপত্তা বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অস্ত্রসহ আত্মসমর্পণের এ ঘটনা এলাকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।