সাতক্ষীরা সীমান্তে ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি

সাতক্ষীরা সীমান্তে ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি

সাতক্ষীরা সীমান্তে ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

শুক্রবার (২৬ জুন) রাতে ৩৩ বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ২৫ ও ২৬ জুন ভোমরা, হিজলদী, মাদরা, চান্দুরিয়া, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে ভারতীয় উইন কোরেক্স সিরাপ, ইয়াবা, বিয়ার, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, চিংড়ি মাছের রেণু পোনা, ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করে। এর মধ্যে ভোমরা আইসিপি এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, বিয়ার ও একটি কাভার্ড ভ্যানসহ রাসেল আহমেদ (২৫) ও আব্দুল গফুর (৪০) নামে দুজনকে আটক করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭৭ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা।

এ ছাড়া পৃথক অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার লাভলু হোসেন (২৮) নামে একজনকে ১৩ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। একই সময় ফলমোড় এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে হিজলদী, মাদরা, চান্দুরিয়া, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে মোবাইল ফোনের যন্ত্রাংশ, ভারতীয় ওষুধ এবং ৩০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, দুই দিনের অভিযানে মোট ৯৪ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পণ্য দেশে প্রবেশ রোধ এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *