সেনাবাহিনীর সহায়তায় বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে-২০২৬ উদযাপন
![]()
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় শনিবার (২৭ জুন) রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে-২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

উদ্বোধনী বক্তব্যে সেনাবাহিনী প্রধান অলিম্পিকের মূল মূল্যবোধ Excellence, Friendship এবং Respect সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সবাইকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

“You Can Do This, Let’s Move” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের অলিম্পিক ডে-র মূল উদ্দেশ্য ছিল ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করা।
ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র্যালি ও বিভিন্ন ক্রীড়াভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়।

রাজধানীর কেন্দ্রীয় র্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি মনোমুগ্ধকর ক্রীড়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

পরে সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ ১ হাজার ৫০০-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অলিম্পিক ডে উদযাপনের মাধ্যমে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অলিম্পিকের আদর্শ ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।