মণিপুরে তিন দফা অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৬ জুন) পরিচালিত এসব অভিযানের তথ্য জানিয়েছে মণিপুর পুলিশ।
পুলিশ জানায়, নোনে জেলার খৌপুম থানার আওতাধীন জৌজাংটেক এলাকা থেকে পরিচালিত এক অভিযানে দুটি দেশীয় তৈরি একনলা আগ্নেয়াস্ত্র এবং ৪৯টি কার্তুজ উদ্ধার করা হয়।
এদিকে থৌবাল জেলার খোংজম থানার অধীন তেন্থা সামুচিং এলাকার পাদদেশে পরিচালিত আরেক অভিযানে একটি ম্যাগাজিনসহ একটি এসএমজি কারবাইন এবং পাঁচটি বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, কাংপোকপি জেলার মাওহিং গ্রাম ও নর্থ চাংগৌবুং এলাকার মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে পরিচালিত পৃথক অভিযানে বড় ধরনের অস্ত্র ও বিস্ফোরকের মজুত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিনসহ একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিনসহ ৯ মিলিমিটার কারবাইন, একটি .৩০৩ রাইফেল, চারটি পিস্তল, ২৯টি একনলা আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলিভর্তি একটি .৩০৩ রাইফেলের ম্যাগাজিন, বিভিন্ন ক্যালিবারের ১২৯ রাউন্ড তাজা গুলি, দুটি পাম্প-অ্যাকশন গান, তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), প্রায় ২০০ গ্রাম পিইকে (PEK) বিস্ফোরক, দুটি নং-৩৬ হ্যান্ড গ্রেনেড এবং তিনটি বাওফেং রেডিও সেট।
মণিপুর পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে অবৈধভাবে মজুত রাখা অস্ত্র ও গোলাবারুদ শনাক্ত ও জব্দ করার চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।