ভারতের আসামে দুই উলফা সদস্য আটক, অস্ত্র ও গ্রেনেড উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার জাগুন শহরে নিষিদ্ধ ঘোষিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা-আই)-এর সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে আসাম পুলিশ। শুক্রবার (২৬ জুন) পরিচালিত এক সন্ত্রাসবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুইজনের ছদ্মনাম যথাক্রমে চিয়ান আসাম ও মনোজ আসাম।
পুলিশ জানিয়েছে, অরুণাচল প্রদেশের জাইরামপুর হয়ে মিয়ানমার থেকে আসামে প্রবেশের পর তারা একটি সুইফট কারে (নিবন্ধন নম্বর: AR20A5892) করে যাত্রা করছিলেন। তাদের চলাচল সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাগুন বাজার এলাকায় আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি একে-৫৬ অ্যাসল্ট রাইফেল, ছয়টি ম্যাগাজিন এবং কয়েকটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুইজনকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও তদন্তের জন্য তিনসুকিয়ায় নেওয়া হয়েছে। তদন্তে উলফা (স্বাধীন)-এর কার্যক্রমে তাদের সম্ভাব্য সম্পৃক্ততা এবং কী উদ্দেশ্যে তারা আসামে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আসাম পুলিশের আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।