ভারতের উত্তর প্রদেশে সেসনা-১৫২ মডেলের বিমান বিধ্বস্ত, তদন্ত শুরু
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি প্রশিক্ষণ উড্ডয়নে ছিল এবং রাজ্যটির কাসগঞ্জ জেলায় সড়কের পাশে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটির প্রশিক্ষণার্থী নারী পাইলট আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সেসনা-১৫২ মডেলের এই বিমানটি কাসগঞ্জে নির্মাণাধীন একটি মহাসড়কের কাছে মাঠে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, জরুরি অবতরণের আগে বিমানটি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আঘাত করে। এরপর সেটি সড়কের পাশে বিধ্বস্ত হয়।
বিমানটিতে ওই নারী প্রশিক্ষণার্থী পাইলট ছাড়া আর কেউ ছিলেন না। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি আলিগড়ভিত্তিক চেতক অ্যাভিয়েশন একাডেমির।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, নারী প্রশিক্ষণার্থী পাইলট একক প্রশিক্ষণ উড্ডয়নের সময় সেসনা-১৫২ বিমানটি জরুরি অবতরণকালে দুর্ঘটনার কবলে পড়ে।
ডিজিসিএ জানিয়েছে, ‘চেতক অ্যাভিয়েশনের সেসনা-১৫২ (ভিটি-এএফবি) বিমানটি আলিগড়ে একক প্রশিক্ষণ উড্ডয়নে ছিল। পরে কাসগঞ্জে একটি মাঠে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। নারী প্রশিক্ষণার্থী পাইলট আশঙ্কামুক্ত রয়েছেন।’
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ডিজিসিএ। মূলত সেসনা-১৫২ একটি এক ইঞ্জিনবিশিষ্ট, দুই আসনের ছোট বিমান। এটি মূলত পাইলটদের প্রশিক্ষণের কাজে এই বিমান ব্যবহৃত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।