ভূমিধসে বিদ্যুৎ বিচ্ছিন্ন বান্দরবান, ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার নতুন সতর্কতা
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে কেরানীহাট–বান্দরবান সড়কে ৩৩ কেভি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পুরো বান্দরবান জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। সোমবার (৭ জুলাই) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণের কারণে ভূমিধসে সড়কের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩৩ কেভি খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ইতোমধ্যে কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও উড়িষ্যা অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠেছে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কক্সবাজার, ফেনী ও চট্টগ্রামের কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।