সাজেকে চা পান করে অসুস্থ ১২, হাসপাতালে চিকিৎসাধীন
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি চায়ের দোকানে দুধ চা পান করার পর নারী ও শিশুসহ ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে সাজেক ইউনিয়নের চম্পাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চম্পাতলী গ্রামের একটি চায়ের দোকানে দুধ চা পান করার কিছুক্ষণ পর কয়েকজনের বমি, মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুই শিশুসহ ১০ জনকে রাতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন—লক্ষ্মী ধন চাকমা (১৬), ললেন চাকমা (৩৫), মিমিনা চাকমা (৩০), বিউটি চাকমা (৫), সোনারিকা চাকমা (৪), সমরজিৎ চাকমা (৪০), ছায়া চাকমা (৪২), রাঙ্গা চান চাকমা (৩৫), অরুণ জয় চাকমা (৪৫) এবং অরুণ চাকমা (৫৫)।
খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া রাত ১০টার দিকে জানান, হাসপাতালে আনার পর রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কী কারণে তারা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ পৌঁছাতে পারেনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চা পানের পর ঠিক কী কারণে সবাই অসুস্থ হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।