রাঙামাটিতে নেশার টাকা বিরোধে মায়ের দায়ের কোপে ছেলে নিহত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি জেলা শহরের তবলছড়ি এলাকার আসামবস্তি মির্জা টিলায় নেশার টাকার জন্য পারিবারিক বিরোধের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে নেশার জন্য টাকা দাবি করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে ছেলেকে কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত সাকিবুল ইসলামকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। পারিবারিকভাবে তারা দীর্ঘদিন ধরে তবলছড়ি এলাকার মির্জা টিলায় বসবাস করে আসছিলেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতের মা রেখা ইসলাম ও বাবা রফিকুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।