আগস্টে আগরতলায় ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের দীর্ঘদিনের আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান খুঁজতে আগামী আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। দুই রাজ্যের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নেবেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার উদ্যোগ ও সমন্বয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে ত্রিপুরা ও মিজোরামের স্বরাষ্ট্র সচিব, ত্রিপুরার রাজস্ব সচিব, উত্তর ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট পুলিশ সুপারসহ দুই রাজ্যের প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সম্প্রতি শিলংয়ে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের (এনইসি) বৈঠকের ফাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর মধ্যে সীমান্ত ইস্যুতে যে ইতিবাচক আলোচনা হয়েছিল, আগরতলার এই বৈঠক তারই ধারাবাহিকতা বলে জানা গেছে।
বৈঠকে সীমান্ত নির্ধারণ, প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিভিন্ন সমস্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করা এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
ত্রিপুরা সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যক্তিগত উদ্যোগে সীমান্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। উভয় রাজ্য পারস্পরিক সহযোগিতা, সদিচ্ছা ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ, স্থায়ী এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আগরতলায় অনুষ্ঠেয় এই উচ্চপর্যায়ের বৈঠক দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি কার্যকর ভিত্তি তৈরি করবে। এর মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত হওয়ার পাশাপাশি ত্রিপুরা ও মিজোরামের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।