বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে, দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হত্যাকাণ্ড ও জমি দখলের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তবে নারী নির্যাতন, উপাসনালয়ে হামলা এবং প্রতিমা ভাঙচুরের মতো কয়েকটি সূচকে আগের বছরের তুলনায় কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বক্তব্যে মনিন্দ্র কুমার নাথ বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংঘটিত ৪০টি পৃথক হত্যাকাণ্ডে মোট ৪৪ জন নিহত হয়েছেন। ফলে মাসিক গড়ে হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৩টি।

তিনি বলেন, ২০২৫ সালের পুরো বছরে সংখ্যালঘুদের ওপর ৬৬টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যার মাসিক গড় ছিল ৫ দশমিক ৫টি। সেই হিসাবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে মাসিক গড়ে হত্যাকাণ্ডের হার আগের বছরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়, জমি দখল ও দখলচেষ্টার ঘটনাও বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে এ ধরনের ১৫টি ঘটনার মাসিক গড় ২ দশমিক ৫টি, যেখানে ২০২৫ সালে ২১টি ঘটনার মাসিক গড় ছিল ১ দশমিক ৭৫টি। অর্থাৎ এ ক্ষেত্রে মাসিক গড়ে প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

তবে নারী নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় কিছুটা হ্রাসের তথ্য তুলে ধরে ঐক্য পরিষদ জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে এ ধরনের পাঁচটি ঘটনা ঘটেছে, যার মাসিক গড় শূন্য দশমিক ৮৩টি। বিপরীতে ২০২৫ সালে ২৮টি ঘটনার মাসিক গড় ছিল ২ দশমিক ৩৩টি। অর্থাৎ এই সূচকে প্রায় ৬৪ শতাংশ হ্রাস পেয়েছে।

এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসে উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, পূজামণ্ডপে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ১৫টি ঘটনার তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, মাসিক গড় ২ দশমিক ৫টি। ২০২৫ সালে একই ধরনের ৯৫টি ঘটনার মাসিক গড় ছিল প্রায় ৭ দশমিক ৯২টি। ফলে এ ধরনের ঘটনার সংখ্যাও আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও প্রতিমায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৪৭টি ঘটনা ঘটেছে। মাসিক গড় ৭ দশমিক ৮৩টি। ২০২৫ সালে এ ধরনের মোট ১০২টি ঘটনার মাসিক গড় ছিল ৮ দশমিক ৫টি।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে অপহরণ, চাঁদাবাজি, নিখোঁজ, নির্যাতনের অভিযোগ, কর্মস্থলে বৈষম্য এবং জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগসহ আরও কয়েক ডজন ঘটনার তথ্য সংগঠনটির নথিভুক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *