হামে আক্রান্ত রোগীদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, চিকিৎসাসেবা জোরদারের নির্দেশ
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানে হামের প্রাদুর্ভাবের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে পরিদর্শনে গেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে গিয়ে তিনি হামে আক্রান্ত শিশু ও অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
এ সময় বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যানকে জেলার বর্তমান হাম পরিস্থিতি, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অবস্থা এবং গৃহীত চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনকালে অধ্যাপক থানজামা লুসাই হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ঘাটতি যেন না থাকে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে শিশুদের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং রোগীদের প্রতি মানবিক ও আন্তরিক আচরণ বজায় রাখার নির্দেশনা দেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান সিভিল সার্জনকে হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর, মানসম্মত ও জনবান্ধব করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি হামের বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম, টিকাদান কর্মসূচি এবং দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকে হামে আক্রান্ত রোগীরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ চিকিৎসাসেবা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।