আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে বান্দরবানে মানববন্ধন, স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার প্রতিবাদ

আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে বান্দরবানে মানববন্ধন, স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার প্রতিবাদ

আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে বান্দরবানে মানববন্ধন, স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার প্রতিবাদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবান সদর হাসপাতালে দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট নিরসন, ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন, আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু এবং সাম্প্রতিক হাম পরিস্থিতি মোকাবিলায় অবহেলা ও গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে জেলার স্বাস্থ্যখাতের নানা সংকট তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য জেলা হিসেবে বান্দরবানে উন্নত চিকিৎসা সুবিধার অভাব দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ না থাকায় অনেক রোগীকে চট্টগ্রামসহ দূরবর্তী হাসপাতালে স্থানান্তর করতে হয়। একইভাবে ডায়ালাইসিস সেন্টার না থাকায় কিডনি রোগীদের নিয়মিত চিকিৎসার জন্য জেলার বাইরে যেতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

বক্তারা আরও বলেন, বহু প্রতীক্ষিত ২৫০ শয্যার হাসপাতাল এখনও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় জেলার মানুষ প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, জনবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকটও স্বাস্থ্যসেবাকে আরও দুর্বল করে তুলেছে।

সম্প্রতি বান্দরবানে হামের প্রাদুর্ভাবের প্রসঙ্গ তুলে বক্তারা অভিযোগ করেন, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা উদ্বেগজনক। তারা এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে দ্রুত বাস্তবায়নের জন্য কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—বান্দরবান সদর হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন, ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু, আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনার অবহেলার সুষ্ঠু তদন্ত।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা তাদের দাবিসংবলিত পৃথক স্মারকলিপি স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসিফ ইকবালসহ জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ন্যায্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করা না হলে বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের ভাষ্য, দুর্গম পার্বত্য জেলার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং এ বিষয়ে আর কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।