টেকনাফে প্রাইভেট কারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ চালক আটক
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কারের সামনের বাম্পারে অভিনব কৌশলে লুকিয়ে পাচারের সময় এক লাখ ৬ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি। সংস্থাটির দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ টাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক সাইফুল ইসলাম খোকন (৩৬) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়াপাড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার থামানো হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে প্রাইভেট কারটির সামনের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ চালককে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।