রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নাছির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাঙামাটি শহরের চম্পকনগর হ্যাপিরমোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. নাছির উদ্দিন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মো. নাছির উদ্দিন কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং এর আগে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যাপিরমোড় এলাকায় আত্মগোপনে থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
তবে গ্রেফতারের সময় তার বিরুদ্ধে কোন মামলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বা কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।