টেকনাফ সীমান্ত দিয়ে ফের ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ, আশ্রয় উখিয়া ক্যাম্পে
![]()
কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে একই পরিবারের পাঁচ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলে দাবি উঠেছে। তবে বিষয়টি যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মিয়ানমারের বুথিডং টাউনশিপ থেকে আসা একই পরিবারের পাঁচ সদস্য টেকনাফের একটি সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে স্থানীয় একটি দালাল চক্রের সহায়তায় তারা উখিয়ার বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২০ (এক্সটেনশন)-এ পৌঁছান। রাত ৯টার দিকে তারা ক্যাম্পে প্রবেশ করে এস-১বি-৪ ব্লকে বসবাসরত এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন বলে জানা গেছে।
অনুপ্রবেশকারী পরিবারটিতে একজন পুরুষ, একজন নারী, একজন কিশোরী ও দুই শিশু রয়েছে। স্থানীয়দের ভাষ্য, রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে তারা বাংলাদেশে পালিয়ে এসেছেন।
১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, “সোমবার রাতে একটি পরিবার ক্যাম্প-২০ (এক্সটেনশন)-এ তাদের আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে বলে শুনেছি। তবে প্রশাসন বিষয়টি জানে কি না, তা বলতে পারছি না।”
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।