নানিয়ারচরের আইনশৃঙ্খলা সভায় মাদক ও বেপরোয়া বাইক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মাদক নির্মূল, বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ এবং সামাজিক অবক্ষয় রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান জোরদার, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সামাজিক অবক্ষয়ের বিভিন্ন কারণ, বিশেষ করে পরকীয়াজনিত পারিবারিক ও সামাজিক সমস্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক, বেপরোয়া যানবাহন চলাচল এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা থেকে জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।