পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, ২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শুরু

পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, ২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শুরু

পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, ২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় এবার মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচির বাস্তবায়ন করছে খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স।

পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, ২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শুরু

কর্মসূচির প্রথম দিনে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকে আগত ২২ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, পুষ্টি, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত এবং খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন।

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের অনেক প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা এখনো সহজলভ্য নয়। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকদের নিয়মিত চিকিৎসাসেবা এবং স্বাস্থ্য সচেতনতার অভাব নানা জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই সেনাবাহিনীর এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, ২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শুরু

তারা আরও জানান, দুই সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের শুধু স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণই দেওয়া হবে না, বরং নিরাপদ মাতৃত্ব, প্রসূতি পরিচর্যা, শিশুর পুষ্টি, সংক্রামক রোগ প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবহারিক জ্ঞানও প্রদান করা হবে। এর ফলে তারা নিজেদের পরিবারের পাশাপাশি নিজ নিজ এলাকার অন্য নারীদেরও স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে পারবেন।

স্থানীয়দের মতে, দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। চিকিৎসাসেবা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে সেনাবাহিনীর এমন উদ্যোগ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, ২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শুরু

সংশ্লিষ্টরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর বিভিন্ন মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গর্ভকালীন সচেতনতা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা গেলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সেই বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং পার্বত্য অঞ্চলের মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে একটি কার্যকর ও সুদূরপ্রসারী পদক্ষেপ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে দুর্গম পাহাড়ের মানুষ আরও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন এবং একটি সুস্থ, সচেতন ও নিরাপদ সমাজ গড়ে ওঠে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed