পরিবেশ রক্ষায় বাঘাইছড়িতে বিজিবির উদ্যোগে ২৮ হাজার ৯০০ বৃক্ষচারা বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে ব্যাপক বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২ আগস্ট) সকালে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) উদ্যোগে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়।

এ কর্মসূচি প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এবং “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজিবির কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি জানান, ধারাবাহিক কর্মসূচির আওতায় ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির ২৮ হাজার ৯০০টি বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমেও বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যাপক হারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।