রামগড়ে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, সেনাক্যাম্প স্থাপনের দাবি
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড় উপজেলার বাটনাশিবির, তৈসাগাড়া থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় ভূমি দখলের অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি। সংগঠনটির অভিযোগ, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মদতে বহিরাগত কিছু উপজাতীয় ব্যক্তি বাঙালিদের রেকর্ডভুক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতারা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলোতে বসবাসকারী বাঙালি পরিবারগুলোর বৈধ ও রেকর্ডভুক্ত জমি দখলের অপচেষ্টা চলায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ইউনূস। তিনি অভিযোগ করেন, ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের প্রত্যক্ষ মদতে বহিরাগত কিছু উপজাতীয় ব্যক্তি বাটনাশিবির, তৈসাগাড়া থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় বাঙালিদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
লিখিত বক্তব্যে আরও দাবি করা হয়, এ পরিস্থিতির কারণে প্রায় ৪০০ বাঙালি পরিবার তাদের বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কায় রয়েছে। অস্ত্রধারীদের ভয়ে অনেকেই নিজেদের জমিতে যেতে পারছেন না বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতারা বলেন, ভূমি দখলের অভিযোগের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাই বাটনাশিবির, তৈসাগাড়া থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় অবিলম্বে সেনাক্যাম্প স্থাপন করে গুচ্ছগ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এছাড়া অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভূমি দখলের চেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে গুচ্ছগ্রামের বাসিন্দা সাহেব উল্লাহ, আবু আহম্মদ, নবী মেম্বার, মো. জাফর উল্লাহ, মকবুল আহমদ ও মনোয়ারা বেগমসহ গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে একই দাবিতে রামগড়ে ক্ষতিগ্রস্ত গুচ্ছগ্রামবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।