দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবায় ভরসা সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন, চিকিৎসা পেলেন দেড় শতাধিক মানুষ
![]()
জার্নাল প্রতিবেদক
দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভোতম পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে মাটিরাঙ্গা জোন।
গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ মানবিক মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং তাদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ তুলে দেন।
সেনা জোন সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাকেন্দ্রের স্বল্পতা, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ সময়মতো চিকিৎসাসেবা নিতে পারেন না। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সেনাবাহিনী নিয়মিতভাবে প্রত্যন্ত এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে, যাতে সাধারণ মানুষ নিজ এলাকায় থেকেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের সুবিধা পান।

বিশেষ করে এ কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। যাদের অনেকেরই চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য বা সুযোগ সীমিত, তারা সেনাবাহিনীর এই উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।
তিনি আরও বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, দুর্গম পার্বত্যাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমেও বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাটিরাঙ্গা সেনা জোনের ধারাবাহিক এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবা নিশ্চিত করেই থেমে থাকে না, বরং পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।