বাঘাইছড়ির অভয়তিষ্য শিশু সদনে শিশুদের পাশে বিজিবি-সেনাবাহিনী, ৪ লাখ টাকা সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকায় অনাথ ও অসহায় শিশুদের পড়াশোনা ও খাদ্য সহায়তায় পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ৩০ নম্বর সারোয়াতলী ইউনিয়নের শিজক মুখ সার্বজনীন বৌদ্ধ বিহারের অধীনে পরিচালিত ‘অভয়তিষ্য শিশু সদন’-কে এককালীন ৪ লাখ টাকা অনুদান দিয়েছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।
গত শনিবার (৮ আগস্ট) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক শিশু সদনটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় শিশু সদনের শিক্ষা ও খাদ্য কার্যক্রমে সহায়তার জন্য ব্যাটালিয়নের পক্ষ থেকে ৪ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, অর্থসংকট ও সীমিত সামর্থ্যের কারণে শিশু সদনটির কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। এমন পরিস্থিতিতে বিজিবির এই সহায়তা অনাথ শিশুদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের (জিওসি) বিশেষ দিকনির্দেশনা ও উদ্যোগে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

শিশু সদন কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় অনাথ শিশুদের শিক্ষা ও লালন-পালনের মতো গুরুত্বপূর্ণ কাজে বিজিবির এই সহায়তা তাদের জন্য স্বস্তির। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।