এসএসসিতে অকৃতকার্য হয়ে মহালছড়িতে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়িতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী মহালছড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা ওই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে খাগড়াছড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ মজুমদার বলেন, ফলাফল নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থীটি আত্মহননের চেষ্টা করেছিল। তাকে খাগড়াছড়ি সরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া জীবনের শেষ নয়। ফলাফল নিয়ে হতাশ হলে শিক্ষার্থীদের ওপর চাপ না দিয়ে পরিবারের সদস্য ও শিক্ষকদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজন হলে পেশাদার মানসিক সহায়তার ব্যবস্থা করা।
সচেতন মহলের মতে, পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষার্থীদের মানসিক অবস্থার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশা কাটাতে পরিবার, শিক্ষক ও স্বজনদের সহানুভূতিশীল ভূমিকা রাখা জরুরি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।