ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযান: আড়াই লাখ ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
পাহাড়ি জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সূত্র জানায়, রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের খবর পায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এই খবরের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি আভিযানিক দল রাত ১১টার দিকে ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্ত পিলার-৩১-এর কাছাকাছি নয়াপাড়া এলাকায় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে দেখতে পায় বিজিবি। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে এসব মাদক ও অস্ত্র মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে মাদক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।