মনসা পূজাকে ঘিরে জমজমাট রাইখালীর ছাগলের হাট, পাহাড়ি ছাগলের কদর বেশি
![]()
জার্নাল প্রতিবেদক
আগামী ১৮ আগস্ট মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। এ পূজাকে ঘিরে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেড়েছে ছাগল কেনাবেচা। এর প্রভাব পড়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারেও। পূজাকে সামনে রেখে জমে উঠেছে এ অঞ্চলের অন্যতম বড় ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা থাকায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন রাইখালীতে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাইখালী বাজারের ছাগলের হাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড়। হাটের বিভিন্ন অংশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ছোট-বড় নানা জাতের ছাগল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি ও কেনাবেচার ব্যস্ততা।
হাটে দেশি পাহাড়ি পাঁঠা ও ছাগলের পাশাপাশি হরিয়ানা ক্রস জাতের ছাগল, ভেড়া ও হাঁসও বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে পাহাড়ি ছাগল। স্থানীয় ও আশপাশের পাহাড়ি এলাকা থেকে এসব ছাগল নিয়ে আসছেন বিক্রেতারা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের মৃদুল শীল, মেঘনাথ বণিক ও পিযুষ মল্লিক, কাপ্তাইয়ের চন্দ্রঘোনা নাথপাড়ার শিমুল নাথ, দোভাষী বাজারের ব্যবসায়ী দিজান্ত ধর ও নয়ন চন্দ এবং মদুনাঘাট এলাকার পলাশ দাশ জানান, রাইখালী বাজারে অন্যান্য বাজারের তুলনায় পাহাড়ি ছাগল সহজে পাওয়া যায়। অনেক সময় এখানকার দামও তুলনামূলক কম থাকে। তবে কিছু ছাগলের ক্ষেত্রে বিক্রেতারা বেশি দাম চাইছেন বলেও অভিযোগ করেন তারা।
ক্রেতাদের ভাষ্য, মনসা পূজায় বলি দেওয়ার জন্য অনেকে ছাগল কিনছেন। ফলে পূজা যত ঘনিয়ে আসছে, ততই ছাগলের চাহিদা বাড়ছে। বিশেষ করে আকার, স্বাস্থ্য ও স্থানীয়ভাবে পালনের কারণে পাহাড়ি ছাগলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

অন্যদিকে, ছাগল বিক্রি করতে আসা রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার নুরুল আলম, কাপ্তাইয়ের কেপিএম এলাকার মো. নজরুল ইসলাম, রাইখালীর রহমত উল্লাহ, রাজস্থলীর মংচাপ্রু মারমা, ডংনালার আব্দুল মতিন ও পূর্ব কোদালার মো. আলমগীর বলেন, রাইখালী হাটে পাহাড়ি ছাগলের চাহিদা বরাবরই বেশি। তবে বর্তমানে ক্রেতা বেশি থাকলেও অনেক সময় প্রত্যাশা অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। এতে ছাগল পালনে যে খরচ হয়েছে, সেই তুলনায় লাভ কম হচ্ছে।
বিক্রেতারা জানান, একটি ছাগল বড় করতে দীর্ঘ সময় ধরে খাবার, চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন হয়। বাজারে চাহিদা থাকলেও দাম প্রত্যাশার তুলনায় কম হলে তাদের লাভের পরিমাণ কমে যায়। তারপরও পূজাকে কেন্দ্র করে এবার ছাগল বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা।
রাইখালী ছাগলের হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন, “পূজাকে কেন্দ্র করে বাজার বেশ জমজমাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি। তুলনামূলকভাবে দাম কম থাকায় ক্রেতারা এই বাজারে বেশি আসছেন।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মনসা পূজাকে সামনে রেখে আগামী কয়েকটি হাটে ছাগল কেনাবেচা আরও বাড়তে পারে। বিশেষ করে পূজার আগের হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি এবং বেচাকেনা আরও জমে ওঠার সম্ভাবনা রয়েছে।
রাইখালীর এই হাট শুধু স্থানীয় কেনাবেচার জায়গা নয়; পূজা-পার্বণকে ঘিরে কাপ্তাই ও পার্শ্ববর্তী চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে একটি বাণিজ্যিক সংযোগও তৈরি করছে। পাহাড়ি ছাগলের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে স্থানীয় খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তারাও লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।