পাকিস্তানে ৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন
![]()
জার্নাল প্রতিবেদক
আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) বিরুদ্ধে ৮ জন হাইওয়ে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ এনেছে। নির্বাচনকালীন দায়িত্বে থাকা ওই পুলিশ সদস্যদের অবিলম্বে মুক্তি না দিলে সংগঠনটির নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাওয়ালকোটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এজেকের পুলিশের মুখপাত্র এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) খাওয়ার আলি শওকত এই অভিযোগ করেন। তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। কিন্তু জেএএসি সদস্যরা তাদের ওপর শুধু হামলাই চালায়নি, আটজন হাইওয়ে পুলিশ সদস্যকে অপহরণও করেছে। অপহৃত ওই সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং তারা এখনো জেএএসি-এর হেফাজতে রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি অপহৃত ওই আট পুলিশ সদস্যের ছবিও প্রদর্শন করেন। স্থানীয়সংবাদ
পুলিশের এই মুখপাত্র জেএএসি নেতাদের অবিলম্বে অপহৃত সদস্যদের নিরাপদে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তা কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস বা চাপ মেনে নেওয়া হবে না। যদি ওই সদস্যদের কোনো ক্ষতি হয়, তাদের মুক্তিতে বাধা দেওয়া হয় কিংবা তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া অব্যাহত থাকে, তবে রাষ্ট্র তাদের প্রতি বিন্দুমাত্র নমনীয়তা দেখাবে না। জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ও সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
যেকোনো পরিস্থিতিতে রাষ্ট্রের কর্তৃত্ব, জননিরাপত্তা এবং আইনের শাসন বজায় রাখতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর বলে জানান এসএসপি শওকত। তিনি বলেন, কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীদের ওপর হামলা বা অপহরণ করে কিংবা রাষ্ট্রব্যবস্থাকে অচল করার চেষ্টা করে, তবে আইনি ও সাংবিধানিক উপায়ে রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে। এছাড়া, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত জেএএসি-এর সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের সহিংস কর্মকাণ্ড ও উদ্দেশ্যকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।