টেকনাফ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে হাফেজ আরিফ উল্লাহ (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। তিনি টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে আরিফ উল্লাহসহ ৩৫ জন শিক্ষার্থীর সঙ্গে টেকনাফ সদর মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যান। সেখানে কেউ ফুটবল খেলছিলেন, আবার কেউ সাগরে গোসল করছিলেন।
গোসলের সময় হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ উল্লাহ পানিতে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা সাইদি নামে এক ছাত্র তাকে হাত দিয়ে ধরার চেষ্টা করেন। কিন্তু পানির তীব্র স্রোতের কারণে তাকে ধরে রাখা সম্ভব হয়নি।
এরপর সহপাঠী, স্বজন ও স্থানীয়রা সৈকতের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরিফ উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রের বাবা আমান উল্লাহ বলেন, আমার ছেলে মাদ্রাসার থেকে ৩৫ জনের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছিল। গোসল করার সময় ঢেউয়ের ধাক্কায় সে পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা একজন তাকে ধরার চেষ্টা করেও স্রোতের কারণে রাখতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জামিম মিয়া জানান, একজন মাদ্রাসাছাত্র সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর তারা পেয়েছেন। পরে সৈকত এলাকায় খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। কোনো তথ্য পাওয়া গেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।
নিখোঁজ আরিফ উল্লাহকে দ্রুত খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।