ইউপিডিএফের বাজার বয়কটের আহ্বান উপেক্ষা, মাইসছড়ি বাজারে স্বাভাবিক ছিল বেচাকেনা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি সাপ্তাহিক বাজার বয়কটের আহ্বান জানিয়েছিল প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। তবে সেই আহ্বান উপেক্ষা করে শনিবার (১৫ আগস্ট) বাজারে স্বাভাবিকভাবেই কেনাবেচায় অংশ নিয়েছেন পাহাড়ি ও বাঙালি ক্রেতা-বিক্রেতারা।
স্থানীয় সূত্র জানায়, এক পাহাড়ি তরুণী ও এক বাঙালি তরুণের বিয়েকে কেন্দ্র করে গত ১৪ আগস্ট মাইসছড়ি বাজার বয়কটের ঘোষণা দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা। সংগঠনটির পক্ষ থেকে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতি বাজার বয়কটের আহ্বান জানানো হলেও পরদিন শনিবার সকাল থেকেই বাজারে বিপুলসংখ্যক পাহাড়ি বাসিন্দার উপস্থিতি দেখা যায়। তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন পণ্য নিয়ে বাজারে বেচাকেনায় অংশ নেন।
বাজারে আসা এক পাহাড়ি বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাজারে না এলে আমাদের সংসার চলবে না। সাধারণ মানুষ কোনো সংঘাতে জড়াতে চায় না।”

বিজয় ত্রিপুরা নামে আরেক বাসিন্দা বলেন, “কে কী ঘোষণা দিল, সেটি নিয়ে সাধারণ মানুষের চেয়ে সংসারের প্রয়োজনই বড় হয়ে দাঁড়ায়। বাজারে না এলে আমাদেরই কষ্ট হয়।”
মাইসছড়ি বাজারের ব্যবসায়ী মো. মালেক বলেন, “সকাল থেকেই পাহাড়ি ও বাঙালি—দুই সম্প্রদায়ের মানুষ বাজারে এসেছেন। বেচাকেনাও মোটামুটি স্বাভাবিক হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারটি আশপাশের বিভিন্ন এলাকার মানুষের দৈনন্দিন কেনাকাটা ও জীবিকার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে বাজার বয়কটের মতো কোনো কর্মসূচি সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
তবে বয়কটের আহ্বান অমান্য করে যারা বাজারে এসেছেন, তাদের ভবিষ্যতে ভয়ভীতি প্রদর্শন, মারধর কিংবা অপহরণের মতো ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

মাইসছড়ি এলাকার প্রবীণ বাসিন্দা অরুণ তঞ্চঙ্গ্যা বলেন, “বাজার সবার জন্য। মানুষ জীবিকার প্রয়োজনেই আসে। কোনো পক্ষের সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের কষ্ট বাড়ুক, সেটা আমরা চাই না।”
এদিকে মাইসছড়ি বাজারকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, “মাইসছড়ি সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
শনিবার বাজারে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের স্বাভাবিক উপস্থিতি ও বেচাকেনা চলায় স্থানীয়ভাবে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।