সংবাদ প্রকাশের পর লামার ফাইতংয়ে পাহাড় কাটায় ৫ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর লামার ফাইতংয়ে পাহাড় কাটায় ৫ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর লামার ফাইতংয়ে পাহাড় কাটায় ৫ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সংবাদ প্রকাশের পর বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পরিবেশ আইন অমান্য করে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন শুষ্ক মৌসুমে ইট তৈরির প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় কয়েকটি ইটভাটা অবৈধভাবে পাহাড় ও মাটি কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচটি পৃথক মামলায় পাঁচজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারায় এসব অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাহাড় ও মাটি কাটার মূল অপরাধে ডিবিএম (DBM) ও ইউএমবি (UMB) ইটভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এমএমবি (MMB), এমবিআই (MBI) ও এবিসি৪ (ABC4) নামের তিনটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে আরও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। পরিবেশ বিধ্বংসী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযান

সম্প্রতি লামার ফাইতং এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে প্রায় ৪০টি ইটভাটার জন্য পাহাড় কাটার অভিযোগ নিয়ে সাউথইস্ট এশিয়া জার্নালসহ বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে মোক্তার-নাজু সিন্ডিকেটের নেতৃত্বে পাহাড় কাটার অভিযোগ এবং ইটভাটাগুলোর জন্য ব্যাপকভাবে পাহাড় ধ্বংসের চিত্র তুলে ধরা হয়।

সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবারের অভিযানে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হলো।

স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমকে সামনে রেখে ইটভাটাগুলোর জন্য পাহাড় ও মাটি কাটার প্রবণতা প্রতিবছরই বাড়ে। এতে একদিকে যেমন পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে পাহাড়ধস ও মাটিক্ষয়ের ঝুঁকিও বাড়ছে। স্থানীয়রা পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *