রাঙামাটিতে ১২ বছরের শিশুকে হত্যা, পুলিশের কাছে খুনি স্বপন চাকমার আত্মসমর্পণ
খুনি স্বপন চাকমা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় পড়াশোনা করতে গিয়ে ১২ বছর বয়সী এক চাকমা সম্প্রদারেয়র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার হতে হয়েছে। এ ঘটনায় স্বপন চাকমা (২২) নামের স্বজাতির ওই খুনি পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত শিশুর নাম রুপন চাকমা। সে কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষচা চাকমার ছেলে। পড়াশোনার সুবিধার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশ্বিনী কুমার চাকমার (৫০) বাড়িতে থাকতো বলেও জানা যায়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। ওই সময় রুপন তার খালুর বাড়িতে পড়াশোনা করছিল। একপর্যায়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। হত্যার পরে শিশুটির মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।
ঘটনার পর অভিযুক্ত হিসেবে স্বপন চাকমার নাম সামনে আসে। তার বাবার নাম রিম লাল চাকমা। পরে তিনি পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খবর পেয়ে রাঙামাটি সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং ঘটনার পেছনে কী ধরনের বিরোধ বা কারণ ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
স্থানীয়দের ভাষ্য, রুপন পড়াশোনার জন্য খালু আশ্বিনী কুমার চাকমার বাড়িতে অবস্থান করছিল। সেখানে তার এভাবে নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।