‘মাদক ছাড়ুন, না হয় উখিয়া ছাড়ুন’—পালংখালীতে ওসির কঠোর হুঁশিয়ারি
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান। মাদক কারবারিদের উদ্দেশে তিনি বলেছেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত ও অপরাধে জড়িত দুষ্কৃতকারীরা হয় মাদক ছাড়ুন, না হয় উখিয়া ছাড়ুন।”
সোমবার (১৭ আগস্ট) দুপুর ৩টায় পালংখালীতে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
ওসি মো. আতিকুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নির্মোহ তালিকা করে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় যারা এখনো মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের সতর্ক করছি—কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “পালংখালীতে মাদকের করাল গ্রাস সবচেয়ে বেশি। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আয় করছেন, তাদের এ পথ থেকে সরে আসতে হবে।”
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ওসি বলেন, ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রাখতে সচেতন হতে হবে। নিজ নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে অবৈধ পন্থায় আয় বর্জনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তাহলেই ধ্বংসের কবল থেকে ছাত্র ও যুবসমাজকে রক্ষা করা সম্ভব হবে।”
পথসভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, পালংখালী ইউনিয়ন বর্তমানে মাদকের করিডোরে পরিণত হয়েছে। সীমান্তবর্তী এ এলাকায় মাদক পাচার ও কারবার বন্ধে দল-মত নির্বিশেষে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা বলেন, মাদক কারবারিদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মাদক পাচার ও বহনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনের প্রবণতা বন্ধে স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
মাদকবিরোধী র্যালি ও পথসভায় উখিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, পুলিশের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।