মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে শুরু ‘সম্প্রীতি কাপ’ ফুটবল, প্রথম ম্যাচ শেষ হল সমতায়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে শুরু ‘সম্প্রীতি কাপ’ ফুটবল, প্রথম ম্যাচ শেষ হল সমতায়

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে শুরু ‘সম্প্রীতি কাপ’ ফুটবল, প্রথম ম্যাচ শেষ হল সমতায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘সম্প্রীতি কাপ’ ফুটবল প্রতিযোগিতা। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ানো প্রথম ম্যাচেই দেখা মেলে টানটান উত্তেজনার। মাটিরাঙ্গা পৌরসভা একাদশ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশের মধ্যকার ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, “খেলাধুলা পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন।”

তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি জনপদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এমন আয়োজন সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মাটিরাঙ্গা পৌরসভা একাদশ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ। বিকেল ৪টা ১১ মিনিটে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই।

ম্যাচ শুরুর মাত্র চার মিনিটের মাথায়, অর্থাৎ ৪টা ১৫ মিনিটে মাটিরাঙ্গা পৌরসভা একাদশের খেলোয়াড় রায়হান দারুণ এক গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোল হজমের পর দ্রুত খেলায় ফেরার চেষ্টা চালায় সদর ইউনিয়ন একাদশ।

এরই ধারাবাহিকতায় ৪টা ৩৪ মিনিটে সদর ইউনিয়ন একাদশের বিশ্বাস ত্রিপুরা দৃষ্টিনন্দন গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে প্রথমার্ধেই ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায় এবং ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উভয় দল। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় মাটিরাঙ্গা পৌরসভা একাদশের মুন্না গোল করে দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে শুরু ‘সম্প্রীতি কাপ’ ফুটবল, প্রথম ম্যাচ শেষ হল সমতায়

এরপর ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত জয়-পরাজয়ের হিসাব নিয়ে উত্তেজনা ছিল মাঠজুড়ে। শেষ মুহূর্তে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ পেনাল্টি পেলে ম্যাচের চিত্র পাল্টে যায়। পেনাল্টি থেকে গোল করে সদর ইউনিয়ন একাদশ ২-২ সমতা ফেরায়। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়।

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ক্যাপ্রুসাই মারমা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন নয়ন উদ্দিন ও কাওছার আহাম্মেদ। পুরো ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন ক্রীড়া সংগঠক ফোরকান হোসেন সোহাগ।

এবারের ‘সম্প্রীতি কাপ’ ফুটবল প্রতিযোগিতায় মাটিরাঙ্গা পৌরসভা একাদশসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলা। প্রতিটি ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঠমুখী করা, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করাই অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের একই মাঠে নিয়ে আসার মাধ্যমে পারস্পরিক পরিচয় ও সম্প্রীতির পরিবেশ তৈরি করাও এ আয়োজনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল এবং গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার মেজর জিয়া।

এছাড়া অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, খাগড়াছড়ি জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নুর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির আবদুল জলিল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

স্থানীয় দর্শকরা বলেন, মাটিরাঙ্গার মতো পাহাড়ি এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ায়। বিশেষ করে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, ‘সম্প্রীতি কাপ’ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং খেলাধুলার মাধ্যমে মাটিরাঙ্গার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা এবং শান্তি, সম্প্রীতি ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *