লামায় জাতীয় ও দক্ষিণ এশিয়ান কারাতে জয়ীদের সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বান্দরবানের লামার সুনাম বয়ে আনা ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ, ২য় অনূর্ধ্ব-সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)-এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামার কৃতী সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ, ২০১০ সালের ১১তম এশিয়ান সাব গেমসের সেরা নারী ক্রীড়াবিদ জ উ প্রু মার্মা।
এ ছাড়া অনুষ্ঠানে লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংমং, মেডিকেল অফিসার ডা. সোলেমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, লামা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মইনুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মো. সুজনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় ক্রীড়াবিদদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করা নিঃসন্দেহে গর্বের বিষয়। তাদের এই অর্জন লামার পাশাপাশি পুরো পার্বত্য অঞ্চলের জন্য সম্মান বয়ে এনেছে।

বক্তারা আরও বলেন, তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস তৈরি হয়। তাই প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে কৃতী ক্রীড়াবিদদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। বক্তারা আশা প্রকাশ করেন, লামার এসব প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে আনবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।