রাঙামাটিতে গাউসিয়া কমিটির আয়োজনে বর্ণাঢ্য জশনে জুলুস
![]()
জার্নাল প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাঙামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুস বের করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।
শুক্রবার জুমার নামাজ শেষে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে জশনে জুলুসটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় গিয়ে শেষ হয়। এতে ব্যানার ও ফেস্টুন হাতে নানা বয়সী ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি বর্ণাঢ্য রূপ নেয়।
এবারের জশনে জুলুসে নেতৃত্ব দেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফেজ আবদুল আলিম রেজভী।
জুলুস শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক হাজী আলী আকবর সওদাগর, সদস্য সচিব শামীম জাহাঙ্গীর, বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন আল ক্বাদেরী এবং রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী।

সভায় বক্তারা রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জশনে জুলুসও রাষ্ট্রীয়ভাবে পালনের জোর দাবি জানান তারা।
বক্তারা বলেন, “১২ রবিউল আউয়াল বিশ্ববাসীর জন্য আল্লাহর বিশেষ রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা। তাঁর প্রদর্শিত পথের মাধ্যমেই পৃথিবীতে শান্তি, সৌহার্দ্য, সাম্য ও প্রকৃত মানবতা প্রতিষ্ঠা সম্ভব।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।