রাঙামাটি জেলা পরিষদের সদস্য হলেন কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বাসিন্দা উথোয়াইমং মারমা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে পুনর্গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উথোয়াইমং মারমা বর্তমানে কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং কাপ্তাইয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে কাপ্তাই থেকে উথোয়াইমং মারমা সদস্য মনোনীত হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে উথোয়াইমং মারমা কাপ্তাইয়ের বিভিন্ন সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়গুলো জেলা পরিষদের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে পারবেন। বিশেষ করে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।
স্থানীয় বাসিন্দারাও তার নতুন দায়িত্বকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কাপ্তাইয়ের পাশাপাশি রাঙামাটির বৃহত্তর পার্বত্য এলাকার সাধারণ মানুষের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।