মণিপুরে অস্ত্র লুট ও চাঁদাবাজির অভিযোগে আটক ১, উদ্ধার আরও ৩ অস্ত্র
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরে একাধিক চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামজাউ ভাইফেই (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে লুট হওয়া একটি ৯ মিলিমিটার স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আরও দুটি লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মণিপুর পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চুরাচাঁদপুর জেলার থিংকাংফাই গ্রামের বাসিন্দা কামজাউ ভাইফেইকে একাধিক চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযানের মাধ্যমে আটক করা হয়। তিনি চুরাচাঁদপুরের বি আইজালন গ্রামের বি লিয়ান্তিনলালের ছেলে।
তাঁর কাছ থেকে একটি লুট হওয়া ৯ মিলিমিটার স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তেইজাং গ্রামের কাছের বনাঞ্চলে তল্লাশি অভিযান চালানো হয়।
চুরাচাঁদপুর পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ৫৮তম ব্যাটালিয়নের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি একে-৪৭ রাইফেল, একটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর), ৭.৬২ মিলিমিটার গুলির পাঁচটি তাজা কার্তুজ এবং ছয়টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা পিস্তলসহ অভিযানে মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো লুটের বলে জানিয়েছে পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।