কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু, তীরবর্তী নিম্নাঞ্চলে সতর্কতা
![]()
জার্নাল প্রতিবেদক
কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান রাত ৮টার কিছু সময় পর বিষয়টি নিশ্চিত করেন।
কর্তৃপক্ষ জানায়, জলকপাট খোলার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শনিবার দুপুরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। কয়েক ঘণ্টার ব্যবধানে পানির উচ্চতা আরও বেড়ে প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএলে পৌঁছায়।
হ্রদের পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় শনিবার রাতেই ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এর আগে চলতি বর্ষা মৌসুমে গত মাসেও কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে পানি ছাড়া হয়েছিল।
এদিকে বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময় প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
ফলে কর্ণফুলী নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা থাকায় কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পানি নিষ্কাশনের পরিমাণ পরবর্তীতে পরিবর্তন বা বাড়ানো হতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।