বিজিবির অভিযানে বাঘাইছড়ির লাইল্যাঘোনায় প্রায় ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

বিজিবির অভিযানে বাঘাইছড়ির লাইল্যাঘোনায় প্রায় ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

বিজিবির অভিযানে বাঘাইছড়ির লাইল্যাঘোনায় প্রায় ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় পশ্চিম লাইল্যাঘোনা এগত্তর ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক টহল দল পশ্চিম লাইল্যাঘোনা এগত্তর ক্লাব এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০৮ দশমিক ৯৩ ঘনফুট সেগুন কাঠ দেখতে পায় বিজিবি সদস্যরা। পরে কাঠগুলো জব্দ করা হয়।

জব্দ করা সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য বা সিজার মূল্য ৪ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় কাঠের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কাঠ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে অপরাধমূলক তৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ কাঠ পাচার ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলো থেকে অবৈধভাবে মূল্যবান কাঠ পাচারের প্রবণতা ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান গুরুত্বপূর্ণ। বিজিবির পাশাপাশি বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত তৎপরতা অবৈধ কাঠ পাচার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।