মীরসরাই সীমান্তে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক
![]()
জার্নাল প্রতিবেদক
চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় রোববার রাত ১০টার দিকে কয়লারমুখ বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় চোরাচালানবিরোধী নজরদারি শুরু করে।
একপর্যায়ে রাত ১১টার পর ভারতের দিক থেকে দুই ব্যক্তিকে তিনটি গরু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেন। বিজিবির হিসাবে আটক গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশের তথ্য বিজিবিকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।