উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ডাম্পার জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাছকারিয়ার বিল এলাকায় অভিযান চালিয়ে ডাম্পারটি জব্দ করা হয়।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদর বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বনবিভাগ সূত্রে জানা গেছে, মাছকারিয়ার বিল এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ রয়েছে। নুরুল ইসলাম ওরফে নুরু মাঝির নেতৃত্বে একটি সিন্ডিকেট এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। বনবিভাগের নজর এড়িয়ে কৌশলে পাহাড় কেটে সেখান থেকে মাটি পাচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি ও পাহাড় রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ডাম্পারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনিসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।