ভোরের ভারী বৃষ্টিতে পানির নিচে খাগড়াছড়ি, কয়েক ঘণ্টা বন্ধ রাঙামাটি সড়ক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়িতে ভোররাতে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ তৈরি হয়েছে। জেলা সদর ও মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ায় সকাল পর্যন্ত অনেক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সড়কে পানি উঠে যাওয়ায় কয়েক ঘণ্টা খাগড়াছড়ি-রাঙামাটি আঞ্চলিক সড়কে যান চলাচলও বন্ধ ছিল।
বুধবার ভোররাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি পৌর শহরের ইসলামপুর, এপিবিএন মুসলিমপাড়া, সাতভাইয়াপাড়া, শালবন, খাগড়াপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সকাল ১০টা পর্যন্ত এসব এলাকার অনেক সড়ক ও নিম্নাঞ্চল পানির নিচে ছিল। হঠাৎ করে বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেককে ঘরের ভেতর পানি সরানো এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত থাকতে দেখা যায়।
ভারী বৃষ্টির প্রভাবে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কয়েকটি অংশেও পানি উঠে যায়। এতে কয়েক ঘণ্টা এই রুটে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরে পানি কিছুটা কমে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই বিপুল পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় শহরের নিম্নাঞ্চলগুলোতে দ্রুত পানি জমে যায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, খাগড়াছড়ি শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চেঙ্গী নদীতে পানি নিষ্কাশনের পথ ভরাট ও দখল হয়ে যাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। তাদের অভিযোগ, পানি স্বাভাবিকভাবে নদীতে গিয়ে পড়ার পথ সংকুচিত বা বাধাগ্রস্ত হওয়ায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ফলে সামান্য বৃষ্টিপাতেও শহরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়দের দাবি, চেঙ্গী নদীর পানি প্রবাহ ও নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক করা, দখল ও ভরাট হওয়া পানি চলাচলের পথগুলো পুনরুদ্ধার এবং শহরের ড্রেনেজব্যবস্থা কার্যকর করা গেলে এ ধরনের জলাবদ্ধতা অনেকটাই কমানো সম্ভব। তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে খাগড়াছড়ি শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।