সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা নিয়ে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানা আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বাঘাইছড়ি উপজেলা মিনি কনফারেন্স রুমে রাঙামাটি পার্বত্য জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা চিফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ এ.এস.এম এমরান এবং জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আমানত উল্লাহ শাহিন। এছাড়া বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, মসজিদের ইমাম, বৌদ্ধ ভিক্ষু, পুরোহিত, সাংবাদিক এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সভায় সরকারি আইনগত সহায়তা পাওয়ার প্রক্রিয়া ও এ সুবিধার আওতাভুক্ত ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, অর্থের অভাবে কিংবা সামাজিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে দেশের কোনো নাগরিক যেন ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনগত পরামর্শ ও মামলা পরিচালনার সুবিধা দিচ্ছে। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ ব্যক্তিরা নির্ধারিত প্রক্রিয়ায় সরকারি খরচে এ সহায়তা পাওয়ার সুযোগ রাখেন।
বক্তারা আরও বলেন, প্রচার-প্রচারণার অভাবে অনেক দুস্থ ও অসচ্ছল মানুষ সরকারি আইনগত সহায়তার এই সুযোগ সম্পর্কে জানেন না। ফলে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে আইনি সহায়তা গ্রহণ করতে পারছেন না। তাই ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সরকারি আইনগত সহায়তার বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি এলাকার অসচ্ছল মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া গেলে তারা নিজেদের আইনগত অধিকার সম্পর্কে জানতে এবং প্রয়োজনের সময় সরকারি সহায়তা গ্রহণ করতে পারবেন বলে মত দেন বক্তারা।
বক্তারা বলেন, ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতা যেন কোনো নাগরিকের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়টি নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা বাড়ানো জরুরি। প্রান্তিক পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনগত অধিকার সম্পর্কে ধারণা তৈরি হবে এবং প্রয়োজনের সময় তারা যথাযথ আইনি সহায়তা গ্রহণে উৎসাহিত হবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।