আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ
![]()
জার্নাল প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পৌর বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
বান্দরবান পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, মো. জাহাঙ্গীর আলম, মুজিবুর রশীদ ও নেজাম চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সদস্য দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বান্দরবান জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে ২০২৬ সালে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের মাধ্যমে এ সংক্রান্ত বিধান আইনে অন্তর্ভুক্ত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।