বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, মেইড ইন ইন্ডিয়া লেখা গুলি ও বিপুল পরিমাণ চোরাই ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বাঘাইছড়ি উপজেলার টিএনটি কলোনি মোড়সংলগ্ন মারাত্মক পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ভারতীয় পিস্তল, তিন রাউন্ড গুলি (মেইড ইন ইন্ডিয়া লেখা) এবং শতাধিক কার্টন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অস্ত্রের পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে ছিলেন মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা অস্ত্র, গুলি ও সিগারেটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।