টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২

টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২

টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, আহত ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন।

আহতরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন (২৯)। তাদের মধ্যে হেলাল গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) দুপুরে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তোফাইলের নেতৃত্বে একটি পক্ষ হামলা চালালে হেলাল গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় হারুনও আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়দের ভাষ্য, সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী পানছড়ি পাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অতীতেও একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের দাবি, বিরোধে জড়িত দুই পক্ষের বিরুদ্ধেই মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য শামসু মেম্বারের ভাই তোফাইল এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মৌলভী গফুরের ছেলে রাসেল। এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। মাঝে মধ্যে প্রকাশ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সিকদার পাড়া ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম ইসলাম জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধসহ দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হেলালের কোমরের ডান পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। অপর আহত হারুনের মাথা ও বাম হাতে আঘাত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুই পক্ষের কথাকাটাকাটিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গোলাগুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *