টেকনাফে পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে তিনজনকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) টেকনাফ পৌরসভা ও বাহারছড়া এলাকায় পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া থেকে ৩ লাখ ৯০ হাজার পিস এবং বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাত ১২টা ১ মিনিটের দিকে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের একটি যৌথ আভিযানিক দল টেকনাফ পৌরসভার শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান এনে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়। পরে ভোর সাড়ে ৩টার দিকে দক্ষিণ জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচ গেটের পশ্চিম পাশের খালে অভিযান চালানো হয়। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় কচ্ছপিয়া ঘাটে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে ইয়াবা বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মো. রিয়াজ (২৩) এবং একই এলাকার নুরুল আলমের ছেলে আতাউর রহমান (২৪)।
এসআরবি-১৫ জানিয়েছে, টেকনাফ পৌরসভা ও বাহারছড়ায় পরিচালিত পৃথক দুই অভিযানে সর্বমোট ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, গত ৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত তাদের দায়িত্বাধীন এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধবিরোধী মোট ১২০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৩ লাখ ৯৭ হাজার ৪২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ৩০ দশমিক ৫ কেজি গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া এসব অভিযানে একটি বিদেশি এসএমজি, একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও ৩৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। একই সময়ে বিভিন্ন ঘটনায় অপহৃত ও পাচার হওয়া ৪৬ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সর্বমোট ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এসআরবি-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী টেকনাফ এলাকায় মাদক, অস্ত্র, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতও আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।