আগরতলায় জেএসএস সন্ত্রাসী তরু গ্রেপ্তার, আধার কার্ড নিয়ে তদন্ত শুরু

আগরতলায় জেএসএস সন্ত্রাসী তরু গ্রেপ্তার, আধার কার্ড নিয়ে তদন্ত শুরু

আগরতলায় জেএসএস সন্ত্রাসী তরু গ্রেপ্তার, আধার কার্ড নিয়ে তদন্ত শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সন্তু লারমার নেতৃত্বাধীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পাহাড়ি সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র কমান্ডার শ্যামল কান্তি চাকমা ওরফে তরুকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। সোমবার (৫ অক্টোবর) শহরের হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এনসিসি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ সূত্রের দাবি, হেরিটেজ পার্কে জেএসএসের কয়েকজন ক্যাডার গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় শ্যামল কান্তি চাকমাকে আটক করা সম্ভব হলেও তার দুই সহযোগী মিথান চাকমা এবং জ্যোতিষ্মান চাকমা ওরফে বুলবুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানের সময় শ্যামল কান্তি চাকমা ‘বিজয় চাকমা’ নামে পরিচয় ব্যবহার করতেন এবং ওই পরিচয়ে ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ভারতে অবস্থান, পরিচয়পত্র সংগ্রহ এবং সেখানে তার কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে। গ্রেপ্তারের পর তাকে আগরতলার জিপি আউটপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

তবে শ্যামল কান্তি চাকমার বিরুদ্ধে কী ধরনের মামলা বা নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি, শ্যামল কান্তি চাকমা আগে পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ থেকে ভেঙে গঠিত ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ওই সংগঠন বিলুপ্ত ঘোষণা করে তিনি জেএসএসে যোগ দেন বলেও দাবি করা হয়েছে।

এদিকে আগরতলায় জেএসএস-সংশ্লিষ্ট আরেক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনার নজিরও রয়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে আগরতলার এডি নগর এলাকা থেকে সমাজপ্রিয় চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল, গুলি, ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং দুটি মোবাইল ফোন উদ্ধারের কথা তখন পুলিশ জানিয়েছিল।

শ্যামল কান্তি চাকমার গ্রেপ্তারের ঘটনায় ত্রিপুরায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পরিচয় ও নথিপত্র ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা এবং তার সাংগঠনিক ভূমিকা সম্পর্কে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ায় আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed