সাজেকে নিরাপত্তা সমন্বয় সভা করেছে সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির সাজেক ইউনিয়নের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিরাপত্তা সমন্বয় সভা করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের অধীন বাঘাইহাট জোনের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্নেল মো. তারেকুল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাজেকসহ আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় নিয়েও আলোচনা হয়। পূজামণ্ডপ, পর্যটন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবহন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা সাজেকের বর্তমান পরিস্থিতি, স্থানীয় জনগণের নিরাপত্তা এবং পর্যটন ও স্বাভাবিক জনজীবন নির্বিঘ্ন রাখতে করণীয় নিয়ে মতামত দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় গুরুত্বপূর্ণ। এ ধরনের সমন্বয় সভার মাধ্যমে মাঠপর্যায়ে নিরাপত্তা প্রস্তুতি আরও সুসংগঠিত করার সুযোগ তৈরি হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।