যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক
![]()
জার্নাল প্রতিবেদক
অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026-এ অংশগ্রহণকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ অক্টোবর) অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল, এএম, সিএসসি, ডিএসএম এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (USARPAC) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে পৃথক বৈঠক করেন সেনাপ্রধান।
অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে অস্ট্রেলিয়ান সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। সামরিক পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার করতে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজনের বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (BIPSOT) Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া বাংলাদেশের National Defence College (NDC) এবং Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সঙ্গে এসব দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং শান্তিরক্ষা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত করতে ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।